• মঙ্গলবার ০৬ আগস্ট ২০২৪ ||

  • শ্রাবণ ২২ ১৪৩১

  • || ২৯ মুহররম ১৪৪৬

গুচ্ছ ভর্তি: মেধা তালিকা ও মাইগ্রেশন চালুর দাবিতে স্মারকলিপি

– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –

প্রকাশিত: ১১ সেপ্টেম্বর ২০২৩  

Find us in facebook

গুচ্ছ অধিভুক্ত ২২টি বিশ্ববিদ্যালয়ের শূন্য আসনের বিপরীতে মেধা তালিকা ও মাইগ্রেশন চালুর দাবিতে গুচ্ছ ভর্তি পরীক্ষার আহ্বায়ক ও বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) উপাচার্য অধ্যাপক ড. হাসিবুর রশীদ বরাবর স্মারকলিপি দিয়েছেন গুচ্ছ অধিভুক্ত বিশ্ববিদ্যালয়ের ২০২২-২৩ শিক্ষাবর্ষের ভর্তিচ্ছুরা।

রোববার (১০ সেপ্টেম্বর) বেরোবি উপাচার্য দপ্তরে স্মারকলিপি জমা দেন ভর্তিচ্ছুরা। উপাচার্যের একান্ত সচিব খায়রুল ইসলাম স্মারকলিপিটি গ্রহণ করেন। তিনি স্মারকলিপি গ্রহণের বিষয়টি নিশ্চিত করে জানান যথাস্থানে স্মারকলিপিটি পৌঁছে দেওয়া হবে।

ভর্তিচ্ছুরা স্মারকলিপিতে উল্লেখ করেন, গুচ্ছ অধিভুক্ত বিশ্ববিদ্যালয়সমূহে ভর্তিতে ২০২২-২৩ শিক্ষাবর্ষে কয়েকটি মেধা তালিকা ও মাইগ্রেশন প্রকাশের পরও অনেকগুলো আসন শূন্য হয়েছে। এর মধ্যে বিশ্ববিদ্যালয়সমূহে ক্লাসও শুরু হয়ে গেছে। এখন দ্রুত মেধা তালিকা ও মাইগ্রেশন প্রকাশ করা না হলে ভর্তিচ্ছুরা বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। তাই অতি দ্রুত মেধা তালিকা ও মাইগ্রেশন প্রকাশ করা প্রয়োজন।

মিথিলা আক্তার নামের এক শিক্ষার্থী বলেন, আমি বরিশাল বিশ্ববিদ্যালয়ে একটি বিষয়ে ভর্তি আছি। আমার বিশ্বাস মেধা তালিকা ও মাইগ্রেশন প্রকাশ করা হলে আমি ভালো বিষয় পাব। তাই শূন্য আসনের বিপরীতে দ্রুত মেধা তালিকা ও মাইগ্রেশন প্রকাশ করা জরুরি। বরিশাল বিশ্ববিদ্যালয়ে আমাদের ক্লাস শুরু হয়েছে। আমার বিশ্বাস মাইগ্রেশন প্রকাশ হলে অন্য কোনো বিশ্ববিদ্যালয়েও ভালো বিষয় পাব। এসব নিয়ে দ্বিধাদ্বন্দ্বে ভুগছি।

Place your advertisement here
Place your advertisement here